ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২:০১, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

ছবি: ঢাকা এক্সপ্রেস

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) নামে এক তরুণের কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক তরুণ মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাইমুড়ী–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত বিজয় দেওটি ইউনিয়নের বাসিন্দা এবং হাসান পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে দুই আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ দুজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার করা হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, বিজয়ের ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত হাসান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন