ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে লাভ হয়নি, ক্ষুব্ধ পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫:২২, ১৭ অক্টোবর ২০২৬

মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে লাভ হয়নি, ক্ষুব্ধ পরীমনি

ফাইল ছবি

মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুঃখ প্রকাশে কোনো উপকার হয়নি বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিজের স্বাভাবিক জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য মাছরাঙা টেলিভিশনকে দায়ী করেছেন এই অভিনেত্রী।

শনিবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাছরাঙা টেলিভিশনের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।

পোস্টে তিনি লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করতে পারছেন না বলে অভিযোগ করেন পরীমনি। এমনকি তাঁর সন্তানদের ছবিতেও হাজার হাজার নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে জানান তিনি। এতে তাঁর মানসিক শান্তি ও পেশাগত কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ওই ভিডিও প্রকাশ করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানায় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পরীমনি প্রশ্ন তুলে লেখেন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা? আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’

এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসেও ভিডিওটি প্রকাশের ঘটনায় ক্ষোভ জানান পরীমনি। তিনি বলেন, ভিডিওটি প্রায় এক থেকে দেড় বছর আগে থেকেই অনেকে তাঁকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর তা নতুন করে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন