ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

পুলিশ অফিসারের মাথা ফাটালেন কৃষক লীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:২৪, ১৬ ডিসেম্বর ২০২৫

পুলিশ অফিসারের মাথা ফাটালেন কৃষক লীগ নেতা

খোরশেদ খান

ফরিদপুরে এক পুলিশ অফিসারের মাথা ফাটিয়ে দিয়েছেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। জেলার সালথা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে কৃষক লীগ নেতার হামলার শিকার হন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক খোরশেদ খান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কৃষক লীগের সহ-সভাপতি এবং ওই গ্রামের উসমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে যায় একদল পুলিশ। এ সময় ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষক লীগ নেতা খোরশেদ খান। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা চালান। এতে খোরশেদ খান-এর লাঠির আঘাতে সালথা থানার এএসআই মুকুল আহত হন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান বাধা দেন এবং পুলিশের ওপর হামলা চালান। তার লাঠির আঘাতে এএসআই মুকুল-এর মাথা ফেটে যায়।  এএসআই মুকুলকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন