শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ২২ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে এনএসইউ। বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি পূর্বাচলে ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।
এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। শিক্ষার্থীদেরও সময়ের সঙ্গে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব তৈরি করে এবং কর্মসংস্থানের উপযোগী নয়, সেখান থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।
সাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদল। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই