ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৯ জমাদিউস সানি ১৪৪৮

রোহিঙ্গা গণহত্যার মামলায় রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩০, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার মামলায় রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত কনভেনশন প্রয়োগের মামলায় (গাম্বিয়া বনাম মিয়ানমার) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো একটি রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে আদালতের দেওয়া এটিই ইতিহাসের প্রথম রায়।

এ যুগান্তকারী রায়ে আদালত নির্ধারণ করেছেন, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।

আদালত আরও দেখেছেন, মিয়ানমার তার নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে কাজ করা ব্যক্তিদের দ্বারা গণহত্যা সংঘটন প্রতিরোধ, কনভেনশনে উল্লিখিত গণহত্যা ও অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত এবং কনভেনশন কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে চুক্তিটির অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

কনভেনশন লঙ্ঘনের কারণে আদালত মিয়ানমারকে কয়েকটি নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে, কনভেনশনের অধীনে থাকা বাধ্যবাধকতাগুলোর পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে আইন প্রণয়নের মাধ্যমে চলমান যেকোনো লঙ্ঘন বন্ধ করা। কনভেনশনের পরিপন্থী কর্মকাণ্ড সংঘটিত করেছে বলে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া এবং ভবিষ্যতে অনুরূপ লঙ্ঘন প্রতিরোধ করা।

এ ছাড়া রোহিঙ্গাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ বাসস্থানে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া, পরিবারগুলোর পুনর্মিলন এবং সংঘটিত ক্ষয়ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ প্রদান।

মন্ত্রণালয় জানায়, এ রায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষিত একটি মাইলফলক। মামলার একটি পক্ষ হিসেবে মিয়ানমার এখন আদালতের চূড়ান্ত রায় পুরোপুরি মেনে চলতে এবং এর নির্দেশনা বাস্তবায়ন করতে আইনত বাধ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামি সহযোগিতা সংস্থার সহায়তায় দীর্ঘ সাত বছর ধরে এ মামলা পরিচালনার ক্ষেত্রে নীতিগত নেতৃত্ব দেওয়ায় বাংলাদেশ গাম্বিয়ার প্রশংসা করেছে। পাশাপাশি ১১টি সদস্য রাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টিও স্বীকৃতি জানিয়েছে। রাষ্ট্রগুলো হলো—কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এ রায়ের অধীনে থাকা বাধ্যবাধকতাগুলো দ্রুত, সম্পূর্ণ ও কার্যকরভাবে পালন করে। একই সঙ্গে ঐতিহাসিক এ রায়ের পূর্ণ, কার্যকর ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র কার্যকর সমাধান। এ রায় মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।

সবশেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা সম্প্রসারণ করায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত রাখা ও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন