ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৯ জমাদিউস সানি ১৪৪৮

ইমারশন রডে পানি গরম করলে মাসে বিদ্যুৎ বিল কত বাড়বে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:০১, ২০ নভেম্বর ২০২৬

ইমারশন রডে পানি গরম করলে মাসে বিদ্যুৎ বিল কত বাড়বে

ছবি: সংগৃহীত

শীতের সকালে কনকনে ঠান্ডা পানিতে গোসল করার কথা ভাবলেই অনেকের গায়ে কাঁটা দেয়। তাই দ্রুত পানি গরম করার সহজ সমাধান হিসেবে বহু পরিবারেই এখন ইমারশন রডের কদর বেশ।

গিজারের মতো ঝামেলা নেই, দামও হাতের নাগালে। বালতিভর্তি পানিতে রডটি ডুবিয়ে সুইচ চালু করলেই কয়েক মিনিটের মধ্যে গরম পানি পাওয়া যায়। তবে আরামের এই সঙ্গীটি মাস শেষে বিদ্যুৎ বিল কতটা বাড়াচ্ছে, সেই হিসাব কি কখনো করে দেখেছেন?

ইমারশন রড ঠিক কতটুকু বিদ্যুৎ খরচ করবে, তা মূলত এর ক্ষমতার (ওয়াট) ওপর নির্ভর করে। বাংলাদেশের বাজারে সাধারণত ১ হাজার, ১ হাজার ৫০০ এবং ২ হাজার ওয়াটের রড বেশি ব্যবহৃত হয়। সহজ কথায়, রডের ওয়াট যত বেশি হবে, পানি গরম করতে গিয়ে বিদ্যুতের খরচও তত বাড়বে।

বিদ্যুৎ খরচের হিসাব বোঝা খুব একটা কঠিন নয়। সাধারণ নিয়ম হলো, ১ হাজার ওয়াটের যেকোনো বৈদ্যুতিক যন্ত্র টানা এক ঘণ্টা চললে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই সূত্র ধরে হিসাব করলে দেখা যায়—

১ হাজার ওয়াটের রড: প্রতিদিন ১ ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হবে ১ ইউনিট।
১ হাজার ৫০০ ওয়াটের রড: একই সময়ে বিদ্যুৎ খরচ হবে দেড় ইউনিট।
২ হাজার ওয়াটের রড: টানা ১ ঘণ্টায় খরচ হবে ২ ইউনিট বিদ্যুৎ।

মাস শেষে কত টাকা খরচ হবে?

ইউনিটের হিসাব বোঝা গেল, এবার টাকার অঙ্কে আসা যাক। ধরুন, আপনার বাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দর ৭ টাকা ৫০ পয়সা এবং শীতের পুরো মাসজুড়ে প্রতিদিন নিয়ম করে ১ ঘণ্টা রডটি ব্যবহার করছেন। সে ক্ষেত্রে—

১ হাজার ওয়াটের রডে: দৈনিক খরচ পড়বে ৭ টাকা ৫০ পয়সা। ৩০ দিন শেষে বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত হবে ২২৫ টাকা।
১ হাজার ৫০০ ওয়াটের রডে: প্রতিদিন খরচ হবে ১১ টাকা ২৫ পয়সা। মাস শেষে এই অঙ্ক দাঁড়াবে ৩৩৭ টাকা ৫০ পয়সা।
২ হাজার ওয়াটের রডে: দৈনিক খরচ পড়বে ১৫ টাকা। অর্থাৎ, পুরো মাসে শুধু পানি গরম করতেই গুনতে হবে ৪৫০ টাকা।

অর্থাৎ, বেশি ওয়াটের রড পানি দ্রুত গরম করলেও মাস শেষে পকেটের ওপর চাপ কিছুটা বেশি ফেলে। তবে মনে রাখতে হবে, এটি একটি আনুমানিক হিসাব মাত্র। বাড়ির মূল বিদ্যুৎ বিল নির্ভর করবে কোন বিদ্যুৎ বিতরণ কোম্পানির গ্রাহক, ব্যবহারের স্ল্যাব বা ধাপ এবং অন্যান্য আনুষঙ্গিক চার্জের ওপর।

ব্যবহারে চাই বাড়তি সতর্কতা

বিদ্যুৎ বিলের হিসাবের চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। সামান্য অসাবধানতায় ইমারশন রড বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই এটি ব্যবহারের সময় কিছু বিষয় অবশ্যই মেনে চলুন—

- রডের গায়ে পানি ডোবানোর যে নির্দিষ্ট দাগ বা সীমানা দেওয়া থাকে, ঠিক ততটুকু পানিতে ডুবিয়ে তবেই সুইচ চালু করুন।
- সুইচ বন্ধ করার পরও প্লাগ না খুলে কখনোই পানিতে হাত দেবেন না বা রড স্পর্শ করবেন না। রড চালু থাকা অবস্থায় বালতির পানিতে হাত দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
- লোহা বা স্টিলের বালতির বদলে ভালো মানের প্লাস্টিকের অথবা নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশিত নিরাপদ পাত্র ব্যবহার করুন।
- ব্যবহারের পর গরম রডটি শিশুদের নাগালের বাইরে নিরাপদ স্থানে রাখুন।

শীতের দিনের জড়তা কাটাতে ইমারশন রড নিঃসন্দেহে উপকারী একটি যন্ত্র। তবে আপনি কত ওয়াটের রড বেছে নিচ্ছেন এবং প্রতিদিন কতক্ষণ সেটি চালু রাখছেন, তার ওপরই নির্ভর করবে মাস শেষে বিদ্যুৎ বিল কতটা বাড়বে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন