ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৯ জমাদিউস সানি ১৪৪৮

আওয়ামী লীগ কেন এই ডিসেম্বরে রাজনীতিতে ফিরছে না?

সোয়েব মোহাম্মাদ

প্রকাশ: ১৩:৫৫, ২০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ কেন এই ডিসেম্বরে রাজনীতিতে ফিরছে না?

সোয়েব মোহাম্মাদ। ফাইল ছবি

আর কয়েকদিন পর নভেম্বর মাস শেষ হবে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময় থেকে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয় হয়ে উঠেছে, আওয়ামী লীগ আবার কবে রাজনীতির মাঠে ফিরতে পারবে?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন, এমন ঘোষণা আগেও এসেছিল। কিন্তু তিনি ফেরেননি। আওয়ামী লীগ সংগঠন হিসেবে রাজনীতিতে প্রত্যাবর্তন করতেই চায়, কিন্তু বর্তমান বাস্তবতায় তাদের ফেরার মতো বাস্তবিক কোনো পথ খোলা নেই।

জুলাই আন্দোলনের ১৪শ রক্তের দাগ রাজপথ থেকে শুকিয়ে গেলেও নাগরিকদের স্মৃতি থেকে এখনও তা মুছে যায়নি। তাই তারা জনসমর্থন থেকে এখনও বিচ্ছিন্ন রয়েছে। শুধু দলীয় শক্তির ওপর নির্ভর করে রাজনীতিতে ফেরা যায় না, এর জন্য দরকার হয় পূর্ণ জনসমর্থন। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে কোনো গণঅভ্যুত্থানে এতগুলো সাধারণ নিরস্ত্র নাগরিককে বুলেটের আঘাতে প্রাণ হারাতে হয়নি। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

তাহলে তিনি কি দেশে ফিরে এসে স্বেচ্ছায় প্রথমে কারাগারে তারপর মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজের প্রাণ বিসর্জন দিতে আসতে চাইবেন?

সম্ভবত পৃথিবীর রাজনীতির ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা কেউ নিশ্চয়ই দেখেননি। বুদ্ধিমতী শেখ হাসিনাও নিশ্চয়ই এভাবে দেশে ফিরবেন না।

তবে অন্য সব বারের তুলনায় এবার একটু বেশিই জোর দিয়ে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলেছেন। এর পরপরই আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ ও বিশ্বাসের তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে এখন প্রতিদিন কোথাও না কোথাও ঝটিকা মিছিল বের হচ্ছে। জনবহুল দেশের এমন সব জায়গায়ও মিছিলের দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে জনবসতি খুবই কম অথবা একদম নির্জন রাস্তা। দেশের বিভিন্ন জেলায় কয়েকটি করে ককটেল ফাটছে। বাস-ট্রাক ও রেলস্টেশনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। তাছাড়া বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ জেলায় ব্যাপক সংঘর্ষ ঘটেছে। আহত ও নিহতের সংখ্যা বাড়ছে। তারা শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়েই দেয়নি, একপ্রকার পুরো জেলার নিয়ন্ত্রণই নিয়েছে আওয়ামী লীগ। তাহলে কি এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার জানান দিচ্ছে?

আবার বিষয়টি নিয়ে এখন জনমানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ আসলে কীভাবে ফিরতে চায়?

বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন লাগিয়ে, ককটেল ফাটিয়ে তারা সশস্ত্র আক্রমণে বিএনপি ও এনসিপির শক্তিকে পরাস্ত করে গোপালগঞ্জ জেলার মতো পুরো বাংলাদেশ নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আর এটি সফল হলে শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করবেন।

এই পরিকল্পনায় আওয়ামী লীগের উদ্দেশ্য কিছুটা সফল হয়েছে। তারা বিএনপি সরকার ও নেতাকর্মীদের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পেরেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ শক্তির মোকাবিলা করতে অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন।এতে প্রশাসনিক দুর্বলতা একদম স্পষ্ট করে তুলছে। তাছাড়া একটি বেহাত অভ্যুত্থানের পর দেশের জনগণ কয়েক বছরের মধ্যে রাজপথে নামবেন কি না, এ নিয়ে বেশ সংশয় রয়েছে।

তবে ককটেল ফাটিয়ে, বাস-ট্রাকে আগুন লাগিয়ে রাজনীতিতে ফেরা যায় না। আমরা দেখেছি, ২০১২-১৩ সালে সারাদেশে বিএনপি-জামায়াত সংঘবদ্ধভাবে অনেক হরতাল, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে। আর সে সময় বগুড়া ছিলো তাদের নিয়ন্ত্রিত অঞ্চল।তখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।

সারাদেশে হরতাল, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়ে বিএনপি কোনো লাভ করতে পারেনি। বরং তাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছেন, অনেকেই পালিয়ে বেড়িয়েছেন, আবার অনেকে দল পাল্টিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। তাদের এই দুর্বলতার সুযোগে আওয়ামী লীগ ২০১৮ ও ২৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের নিজেদের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছিল। ফলে জামায়াত ও বিএনপিকে দূরে সরিয়ে রেখে এককভাবে নির্বাচন দিয়ে তারা তাদের ক্ষমতা ধরে রেখেছিল। তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তারা আরও বেশি গ্রেপ্তারের সম্মুখীন হবেন। গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা মাত্র, যেখানে ঘরে ঘরে আওয়ামী লীগপন্থী নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। কিন্তু গোপালগঞ্জকে দিয়ে সারাদেশের বিশ্লেষণ করতে গেলে সেটা ভুল হবে।

তাছাড়া ফেরার প্রশ্নে ঝটিকা মিছিলের বিষয়টিই আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক দুর্বলতাকে ফুটিয়ে তুলছে। কারণ রাজনীতিতে ফিরতে হলে রাজপথের আন্দোলনে বহুসংখ্যক কর্মী নিয়ে ঘটা করে আয়োজন করতে হয়। আর যেসব দল তা পারে না, তারা আরও দুর্বল হয়ে ওঠে। সুতরাং সবকিছু মিলিয়ে ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখা যায় না।

আওয়ামী লীগ কেন এই ডিসেম্বরে রাজনীতিতে ফিরছে না?

১. জনমনে অনীহা:

একটি দল বেশিদিন সরকারে ক্ষমতায় থাকলে স্বাভাবিকভাবে নাগরিকদের মধ্যে বিস্বাদ জমে যেতে থাকে। ধীরে ধীরে তাদের কার্যক্রমের প্রতি জনসমর্থন কমে আসতে শুরু করে। আওয়ামী লীগের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রশ্নবিদ্ধ ১৮ ও ২৪ সালের নির্বাচন। তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনিয়ন্ত্রিত বাজারব্যবস্থা, বেকারত্ব ও বাকস্বাধীনতা হরণের মতো উল্লেখযোগ্য বিষয় জনমনে তিক্ততা তৈরি করেছে। যার ফলেই কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে বহুসংখ্যক সাধারণ মানুষ রাজপথে অংশগ্রহণ করেছিলেন, যাদের বেশিরভাগই কোনো দলের সমর্থক ছিলেন না।

তাই সমসাময়িক বহুল আলোচিত ‘আওয়ামী লীগের ফেরার প্রশ্নে’ সাধারণ জনগণ কোনো রকম সহযোগিতা করবে না। কারণ তারা মনে করেন, আওয়ামী লীগ ফিরে এলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করায় তাদের কারাবন্দি হতে হবে। তাই এই মুহূর্তে দেশে যত রকমের সংকটই তৈরি হোক না কেন, তবুও তারা কোনোভাবেই চাইবেন না আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরে আসুক।

২. রাজনৈতিক সংগঠনগুলোর অসমর্থন: 

বিএনপি, জামায়াত ও এনসিপির মতো বাংলাদেশের বৃহৎ তিনটি দলসহ যেসব রাজনৈতিক সংগঠনগুলো গণঅভ্যুত্থানে সরাসরি যুক্ত ছিল, তাদের কেউই এই মুহূর্তে চাইবে না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। কারণ তারা ফিরলে আজ যেসমস্ত দল নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে, তা নড়বড়ে হয়ে পড়বে। কারণ আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে গণঅভ্যুত্থানের পূর্ব পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভব হয়নি।

দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলার দুর্বলতাই কি মুখ্য বিষয় নয়?

দেশের সুনাগরিক কখনো রাষ্ট্রের ভেতরের সহিংসতা ও ক্ষয়ক্ষতিমূলক কর্মকাণ্ড সমর্থন করতে পারেন না। পৃথিবীর কোনো রাষ্ট্রের সাংবিধানিক নীতিতেও এর সমর্থন নেই। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ঠিক এর বিপরীতে বিএনপির নেতাকর্মীরাও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। রাষ্ট্রের নৈতিক দিক থেকে দুটোই অসমর্থিত বিষয়। আর এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব বর্তমান সরকার ও প্রশাসনের।

তাছাড়া যেসব সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলা হচ্ছে, সেগুলো নির্মাণ করতে বা পুনঃসংস্কার করতে যে অর্থ ব্যয় হবে,তা সরকার দেবে না। সাধারণ জনগণের করের টাকা থেকেই খরচ করা হবে। সুতরাং এমন পরিস্থিতি সামাল দিতে গিয়ে দ্রব্যমূল্যের ওপর ট্যাক্স বাড়ানো হবে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান কাজই হচ্ছে সর্বোচ্চ শক্তি দিয়ে রাষ্ট্রের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আমরা যদি দেখি চারদিকে আগুন লাগছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে,আহত হচ্ছে আর প্রশাসনকে অবাক চোখে তাকিয়ে থাকতে হচ্ছে, তাহলে সেই প্রশাসনিক শক্তি রাষ্ট্রের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন