ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৯ জমাদিউস সানি ১৪৪৮

নলছিটির বাজারে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১১:৩২, ২০ নভেম্বর ২০২৬

নলছিটির বাজারে আগুনে পুড়ল ছয় দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাজারের জহুরুল মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাপ্পির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে দোকানগুলোতে বিক্রির জন্য মজুত রাখা বোতলজাত পেট্রল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় বিকট শব্দে আগুনের তীব্রতা বাড়তে থাকে।

পরে এলাকাবাসী নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ছয়টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন