ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বরগুনায় রাতভর আতঙ্ক, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে আটক ২

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৬, ১৯ নভেম্বর ২০২৬

বরগুনায় রাতভর আতঙ্ক, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে আটক ২

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনা ও আশপাশের তিন উপজেলায় এক রাতেই ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এসব ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমতলী থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ মিছিল করা হয় বলে জানা গেছে। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি মহাসড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় একটি বাসের জানালার কাচ ভাঙচুর করে ঘটনাস্থল ছাড়েন মিছিলকারীরা।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বরগুনা সদর উপজেলায় ২৫ থেকে ৩০ জনের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগ এবং স্টেডিয়াম সড়ক এলাকায় টায়ারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, মশাল মিছিলের ভিডিওটি যাচাই করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঘটনার পর জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন