ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৬, ১৯ নভেম্বর ২০২৬

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও মহান বিজয় দিবস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবাদ সমাবেশ, মিছিল, আলোচনা সভা, বিজয় র‍্যালি, মানববন্ধন ও বিভিন্ন সামাজিক কার্যক্রম। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মনোভাব দেখাচ্ছে। এর ফলে দেশে রাজনৈতিক সংকট, সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল বলেও উল্লেখ করেন তিনি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ঢাকায় সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি।

এ ছাড়া ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হবে। ২৫ নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন এবং ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে আলোচনা সভা করবে জামায়াত।

ডিসেম্বর মাসে পোশাকশিল্পের সংকট, দুর্নীতি, মানবাধিকার ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করবে দলটি। ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি করবে জামায়াত।

এ ছাড়া ১৯ থেকে ২৩ ডিসেম্বর বিভিন্ন পেশাজীবী ও মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ও যুদ্ধাহত এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম ও হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন