শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন।
বাংলাদেশ সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে লন্ডনের বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতাসহ প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান।
এর আগে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সফরে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।
এ ছাড়া আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মো. নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস