শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০, ২ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (মহিলা আসন-২৩) বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (০২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান মনোনয়নপত্র জমা দেন।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার (১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় তার নাম প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
ঢাকা এক্সপ্রেস/এসএস