ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

কমলালেবুর খোসা দিয়ে ঘরেই তৈরি করুন সুগন্ধি সাবান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:১৪, ২ নভেম্বর ২০২৬

কমলালেবুর খোসা দিয়ে ঘরেই তৈরি করুন সুগন্ধি সাবান

ছবি: সংগৃহীত

কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। তবে ফলটি খাওয়ার পর বেশিরভাগ মানুষই খোসা ফেলে দেন। অথচ এই খোসা দিয়েই বাড়িতে তৈরি করা যায় প্রাকৃতিক সুগন্ধযুক্ত সাবান। অল্প কয়েকটি উপকরণ ব্যবহার করে খুব সহজেই তৈরি করা সম্ভব এই সাবান। এতে খরচও তুলনামূলক কম।

জেনে নেওয়া যাক, কীভাবে কমলালেবুর খোসা দিয়ে বাড়িতে সাবান তৈরি করবেন।

উপকরণ

কমলালেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে প্রয়োজন হবে টাটকা কমলালেবুর খোসা, সাবান বেস, সামান্য পানি এবং সাবান জমাট বাঁধানোর জন্য একটি সিলিকন ছাঁচ। সিলিকন ছাঁচ না থাকলে কাগজের কাপও ব্যবহার করা যাবে।

যেভাবে তৈরি করবেন

-প্রথমে পরিষ্কার পানি দিয়ে কমলালেবুর খোসা ভালোভাবে ধুয়ে নিন। এরপর খোসাগুলো ছোট ছোট টুকরো করে কাটুন।

-এবার টুকরোগুলো একটি মিক্সিং জারে নিয়ে সামান্য পানি মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন।

-এরপর একটি চালুনি কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। এতে খোসার বড় টুকরাগুলো আলাদা হয়ে যাবে।

-এবার সাবান বেস ছোট ছোট টুকরো করে কাটুন। একটি প্যানের মধ্যে বাটি বসিয়ে তাতে পর্যাপ্ত পানি দিন। খেয়াল রাখবেন, বাটিটি পানিতে কিছুটা ডুবে থাকলেও যেন পানি বাটির ভেতরে প্রবেশ না করে।

-চুলার আঁচ মাঝারি রেখে বাটির মধ্যে সাবান বেসের টুকরোগুলো দিন। এ পদ্ধতিকে ‘ডাবল বয়লার’ বলা হয়। এতে সাবান বেস ধীরে ধীরে গলে যাবে।

-সাবান বেস পুরোপুরি গলে গেলে এর মধ্যে কমলালেবুর খোসার পেস্ট যোগ করুন। এরপর ভালোভাবে নাড়তে থাকুন।

-মিশ্রণটি কম আঁচে প্রায় ১২ থেকে ১৩ মিনিট রান্না করুন। এ সময় খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনো দলা তৈরি না হয়।

-এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি সাবানের ছাঁচে ঢেলে দিন। ছাঁচ না থাকলে মিশ্রণটি সামান্য ঠান্ডা করে কাগজের কাপেও ঢালতে পারেন।

-মিশ্রণটি ঘরের তাপমাত্রায় প্রায় ৩০ মিনিট রেখে দিন, যাতে সেটি জমাট বাঁধে। দ্রুত সাবান তৈরি করতে চাইলে কিছু সময়ের জন্য ফ্রিজেও রাখা যেতে পারে। সাবান শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করে নিন। তৈরি হয়ে যাবে কমলালেবুর খোসার সুগন্ধযুক্ত সাবান।

-কমলালেবুর খোসা দিয়ে তৈরি এই সাবান ব্যবহারে শরীরে প্রাকৃতিক সুগন্ধ বজায় থাকে। এ ছাড়া কমলালেবুর খোসা ত্বকের জন্য উপকারী বলেও মনে করা হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন