ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

এইচএসসিতে ২৪৭ শিক্ষার্থী ফেল, শিক্ষকদের ফুল বরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৯, ২ নভেম্বর ২০২৬

এইচএসসিতে ২৪৭ শিক্ষার্থী ফেল, শিক্ষকদের ফুল বরণ

ছবি: ঢাকা এক্সপ্রেস

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন অকৃতকার্য হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রদলের নেতারা।

রোববার (০১ নভেম্বর) সকালে কলেজের অফিস কক্ষে গিয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের নেতারা।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, এমন বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। এ ঘটনার প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আজ সম্মানিত শিক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে—ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম পূরণ বা তদবির নিয়ে ছাত্রদল কিংবা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না। মেধার মূল্যায়ন করতে হবে। মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের ফরম পূরণ হবে। কোনো রাজনৈতিক পরিচয় নয়।’

তিনি আরও বলেন, ফুল তাদের প্রতিবাদের ভাষা। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য ছাত্রদলের সহযোগিতা থাকবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন