শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০০, ৩১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
বরগুনার আমতলী পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে পৌর শহরের সরকারি কলেজসংলগ্ন সদর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সদর রোডের বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো—বাহার লাইব্রেরি, মিলনের গার্মেন্টস, নুরুল আমিনের কসমেটিকসের দোকান ও সুখরঞ্জন শীলের সেলুন।
বাহার লাইব্রেরির স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান বলেন, দোকান খুলে পাশের দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে নিজের দোকানে আগুন জ্বলতে দেখেন। আগুনে তাঁর সব মালামাল পুড়ে গেছে।
কসমেটিকস ব্যবসায়ী নুরুল আমিন জানান, আগুনে তাঁর দোকানের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে উপজেলা ও পৌর বিএনপি এবং ইসলামী আন্দোলনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস/এসআই