ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩৪, ২৮ অক্টোবর ২০২৬

মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সঙ্গে দুর্নীতিকে সমাজের বড় ব্যাধি উল্লেখ করে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তানদের হাতে মা-বাবা হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন ঘটনা ঘটেছে। মাদকসংক্রান্ত অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ধরন ও মানসিকতারও পরিবর্তন আনতে হবে। রাষ্ট্র পরিচালনায় পুলিশের গুরুত্ব তুলে ধরে তিনি সদস্যদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে তিনি বলেন, দলটি চোরাই পথে দেশত্যাগ করেনি; বরং চার্টার্ড বিমানে দেশ ছেড়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।

ফসলি জমিতে পুকুর খননের বিরোধিতা করে এমপি মিলন বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। ইতোমধ্যে যেসব জমিতে পুকুর খনন করা হয়েছে, সেগুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধের পাশাপাশি বিদ্যমান পুকুর সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে এমপি মিলন ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।

এ ছাড়া ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় ভোটার আইডি কার্ড যাচাই করে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেন এমপি মিলন। পরে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মধ্যে সরকারি ট্যাব বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন