শিরোনাম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:১৫, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৭টি মামলার আসামি মো. মিজানুর রহমান ওরফে মিজান চোরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান সালথা উপজেলার বড় লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি পলাতক ছিলেন। এ সময়ের মধ্যে মাঝেমধ্যে গোপনে বাড়িতে যাতায়াত করতেন তিনি। তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে কৌশলে পুলিশের চোখ এড়িয়ে চলছিলেন তিনি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস