শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৪, ২৮ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
মঞ্চে ইসরাইলের পতাকা পায়ে মাড়িয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন কলম্বিয়ান র্যাপার ও সংগীতশিল্পী চেলো হোপ, যিনি অনেক জায়গায় শিলো হোপ নামেও পরিচিত। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে তার এই কর্মকাণ্ড সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, দর্শক-শ্রোতাদের সামনে মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন চেলো হোপ। এ সময় এক দর্শক মঞ্চে উঠে তার দিকে ইসরাইলের পতাকা এগিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে পতাকাটি ওই ব্যক্তির হাত থেকে কেড়ে নেন গায়িকা। এরপর সেটি মাটিতে ছুড়ে ফেলে পা দিয়ে মাড়াতে থাকেন। পরে লাথি দিয়ে পতাকাটি সরিয়ে দেন।
রাজনৈতিক ও গণআন্দোলনভিত্তিক গান পরিবেশনের জন্যও বেশ পরিচিত এই সংগীতশিল্পী। ঘটনার সময় তিনি ‘অ্যানাতোমিয়া’ নামে একটি গান পরিবেশন করছিলেন, যেখানে এসব বিষয় উঠে আসে। গত ২৪ অক্টোবর এ ঘটনা ঘটে। এরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চেলো হোপের এই প্রতিবাদ আলোচনায় এসেছে। এ ঘটনায় কলম্বিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত নিন্দা জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংগীতশিল্পীকে অনেকে চিনতে না পারলেও তার কর্মকাণ্ডের প্রশংসা করছেন। গাজায় ইসরাইলের হামলা ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের প্রতিবাদ হিসেবেই অনেকে তার এই পদক্ষেপকে দেখছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের এ ঘটনাকে ইতিবাচক হিসেবে নিয়ে প্রশংসা করছেন নেটিজেনদের একাংশ।
এদিকে, ঘটনাটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ওই সংগীতশিল্পীর পরিচয় ও ঘটনাস্থল সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি কলম্বিয়ান র্যাপার চেলো হোপ।
জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ ও ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে ‘হিপ হোপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের একপর্যায়ে ইসরাইলের পতাকা মাড়ান চেলো হোপ। এ সময় তিনি ‘পালেস্তিনা লিব্রে’ বলে স্লোগানও দেন। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।
ঢাকা এক্সপ্রেস/এসএস