শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১:১১, ২৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী স্বল্প ক্যারিয়ারেই ব্যাপক পরিচিতি পেয়েছেন। অনেকের মতে, শোবিজে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর উত্থান এবং তার বর্তমান অবস্থানের সঙ্গে তটিনীর পথচলার মিল রয়েছে। এ কারণে অনেকেই দুই অভিনেত্রীর তুলনা করেন।
তবে এ বিষয়ে তটিনী নিজে কী মনে করেন? কখনো কি নিজেকে মেহজাবীনের জায়গায় কল্পনা করেছেন তিনি? সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ছোটপর্দার এই নিয়মিত মুখ।
তটিনী জানান, প্রায়ই তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। কারণ, গুণী একজন অভিনয়শিল্পীর সঙ্গে তুলনা তাকে নিজের ক্যারিয়ার নিয়ে আরও সচেতনভাবে ভাবতে উৎসাহিত করে।
তটিনীর ভাষায়, অনেকেই বলেন—তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।
এই অভিনেত্রী আরও বলেন, আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটি উদাহরণ। তার ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তার পরিশ্রম, তার অনেক অভিজ্ঞতা—তার কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।
সিনিয়রদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তটিনী বলেন, আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটি কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, সে মানুষ হিসেবে কেমন, তার আচার-আচরণ—সবই ফলো করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।
বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে আলোচনায় রয়েছেন তটিনী। নাটকটিতে তাকে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস