শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:২২, ২৩ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
তামিল সিনেমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ প্লেব্যাক সংগীতশিল্পী কৃষ্ণরাজ রামস্বামী মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ের ভালাসারাভাক্কম এলাকায় বসবাস করতেন কৃষ্ণরাজ। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিন গুণী শিল্পীকে হারাল তামিল সিনেমা ইন্ডাস্ট্রি।
এর আগে গত ১৭ অক্টোবর মারা যান সংগীত পরিচালক দেবা। এর তিন দিন পর, ২০ অক্টোবর মৃত্যু হয় দেবার ভাতিজা ও অভিনেতা কার্তিক সাবেশরের। এবার কৃষ্ণরাজের মৃত্যুতে শোক আরও গভীর হয়েছে।
কৃষ্ণরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কৃষ্ণরাজের মৃত্যু তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি। স্বতন্ত্র কণ্ঠস্বর ও প্রাণবন্ত গায়কির মাধ্যমে অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই শিল্পী। এ সময় তিনি কৃষ্ণরাজের পরিবার, বন্ধু, সহকর্মী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত তামিল সিনেমার গানে কৃষ্ণরাজ ও সংগীত পরিচালক দেবার জুটি বেশ জনপ্রিয় ছিল। চার শতাধিক সিনেমায় সংগীত পরিচালনা করা দেবা তাঁর বহু গানে কৃষ্ণরাজকে দিয়ে কণ্ঠ দেওয়ান।
প্রাণবন্ত গায়কির পাশাপাশি লোকসংগীতের স্বাদ ও আবেগঘন পরিবেশনার জন্য পরিচিত ছিলেন কৃষ্ণরাজ। দেবার সুরে গাওয়া তাঁর গানগুলো তামিল সংগীতাঙ্গনে বিশেষ স্থান দখল করে আছে।
কৃষ্ণরাজের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘পোর্ক্কালাম’ সিনেমার ‘থাঞ্জাভুরু মান্নু এডুথু’। দেবার সুর করা গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ ছাড়া সুরকার সির্পির সঙ্গেও কাজ করেছেন তিনি। তাঁদের একসঙ্গে কাজ করা সিনেমার মধ্যে রয়েছে ‘ভিন্নুক্কুম মান্নুক্কুম’ (২০০১) ও ‘বান্দা পরমাসিবম’ (২০০৩)।
ঢাকা এক্সপ্রেস/এসআই