ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাম্পার ফলনেও বিপাকে চাষিরা, আটোয়ারীতে লাউ বিক্রি হচ্ছে ১ টাকায়

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৪:৩৮, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৩৯, ২৩ অক্টোবর ২০২৬

বাম্পার ফলনেও বিপাকে চাষিরা, আটোয়ারীতে লাউ বিক্রি হচ্ছে ১ টাকায়

ছবি: ঢাকা এক্সপ্রেস

পঞ্চগড়ের আটোয়ারীতে লাউয়ের বাম্পার ফলন হলেও দাম না থাকায় লোকসানে পড়েছেন কৃষকেরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে মাত্র এক টাকায়। আবার কোথাও প্রতি পিস লাউয়ের দাম দুই থেকে পাঁচ টাকা। অথচ খুচরা বাজারে এসব লাউ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা দরে।

উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক কৃষক লাউবাগানের পরিচর্যা বন্ধ করে দিয়েছেন। কেউ কেউ বাগান কেটে ফেলছেন, আবার কেউ ক্ষেতের লাউ গবাদিপশুকে খাওয়াচ্ছেন।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকার কৃষক দুলাল ইসলাম জানান, ৪০ শতক জমিতে লাউ চাষ করতে তাঁর ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র তিন হাজার টাকা। এ আয় দিয়ে শ্রমিকের মজুরিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

একই এলাকার আরেক কৃষক দুলাল ইসলাম বলেন, দুই থেকে তিন হাজার লাউ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনা যায় না। ন্যায্য দাম না পেয়ে তিনি বাগান কেটে ফেলেছেন। কিছু লাউ গবাদিপশুকে খাওয়াচ্ছেন।

উপজেলার ঝলঝলি উলারচাপ এলাকার কৃষক আনসারুল ইসলাম জানান, দাম না থাকায় গত ১০ দিন ধরে তিনি বাগানের পরিচর্যা বন্ধ রেখেছেন। সার ও কীটনাশকের দাম বাড়ার পাশাপাশি শ্রমিকদের দৈনিক ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি দিতে হচ্ছে। অথচ ক্ষেতের লাউ বিক্রি হচ্ছে সর্বোচ্চ পাঁচ টাকা পিস।

স্থানীয় ব্যবসায়ী সলেমান আলী বলেন, এবার আটোয়ারীতে লাউয়ের আবাদ ও ফলন ভালো হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে। বাইরের বাজারেও আশানুরূপ দাম না থাকায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।

কৃষকদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় ভালো ফলন সত্ত্বেও তাঁরা লোকসানে পড়ছেন। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা না হলে কৃষিকাজে আগ্রহ হারাতে পারেন অনেকে।

এ বিষয়ে বক্তব্য জানতে আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলায় প্রতিবছর প্রায় ৫৫০ থেকে ৬০০ হেক্টর জমিতে লাউ চাষ হয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন