শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২:১৩, ২৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নীলফামারীতে রেললাইনের ওপর থেকে বিপ্লব রায় (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্ধুদের সঙ্গে পূজা দেখতে বের হওয়ার পর তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজনেরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী এলাকায় রেললাইন থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহারা গ্রামের বিকাশ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার পরিচয় শনাক্ত করে। প্রাথমিকভাবে ট্রেনে কাটা পড়ে বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তবে পরিবারের দাবি, বন্ধুদের সঙ্গে পূজা দেখতে বের হওয়া বিপ্লবের এমন মৃত্যু তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। তাদের আশঙ্কা, তাকে হত্যা করে রেললাইনের ওপর ফেলে রাখা হয়ে থাকতে পারে।
বিপ্লব ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে। এক বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাবা-মায়ের কাছে তিনিই ছিলেন একমাত্র অবলম্বন। পারিবারিক কোনো বিরোধ কিংবা আত্মহত্যার মতো কারণ সম্পর্কেও তাদের জানা নেই। তাই ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তারা।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনার জোরালো দাবি জানিয়েছেন বিপ্লবের স্বজনেরা। এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। বিপ্লবের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা এক্সপ্রেস/এসএস