শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৯, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৯, ২১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই স্লোগান সামনে রেখে বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী জামান রাকিব। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পতাকাটা শিকারিবাড়ি দুর্গা মন্দির ও পতাকাটা চৌরাস্তা দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।
এ সময় দুই মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজা আয়োজনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন রাকিব। পরে মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশনকারী বিজয়ী শিশু-কিশোরদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে পুরস্কার বিতরণ করেন তিনি।
রাকিব বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে এই ইউনিয়নে বসবাস করি। দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই সব ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে।’
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে চাওড়া ইউনিয়নকে একটি মডেল ও অসাম্প্রদায়িক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি পীযুষ মাতুব্বর ও সাধারণ সম্পাদক শংকর মণ্ডল বলেন, চেয়ারম্যান পদপ্রার্থীর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তাঁর উপস্থিতিতে পূজার আনন্দ আরও বেড়েছে। ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেদী জামান রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি লাভ করেছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই