শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০:৪৭, ২১ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহত ও নিখোঁজ ব্যক্তিরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য বলে জানা গেছে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান তিন পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, একদল পর্যটক সমুদ্রে গোসল করতে নামলে ঢেউ ও স্রোতের টানে ভেসে যান। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ আরেক পর্যটককে উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই