ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ স্পিকার হাফিজের

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৯:০০, ২১ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ লুটপাটের অভিযোগ স্পিকার হাফিজের

ছবি: ঢাকা এক্সপ্রেস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনে কারচুপি ও দেশ থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

আজ বুধবার বিকেলে ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ সময় তিনি নিজের সম্পদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ঢাকায় তাঁর নিজের কোনো বাড়ি নেই। অন্যদিকে, আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বিদেশে সাড়ে চারশ বাড়ি রয়েছে বলে দাবি করেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, প্রায় ২০ বছর আগে তিনি সংসদ সদস্য থাকাকালে পরবর্তী সময়ে কারচুপির নির্বাচন শুরু হয়। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে তজুমদ্দিনসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বেড়েছে।

মাদক নির্মূলে স্থানীয় নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।

এর আগে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও স্পিকারকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলার শতাধিক অসহায়, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তর এবং সাধারণ মানুষের বিনোদনের জন্য একটি পার্ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন হাফিজ উদ্দিন আহমেদ।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন