শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৯, ১৯ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময়ে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এ ধরনের ঘটনায় তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাওয়ায় এখন ক্ষতিপূরণ বা ‘ব্লাড মানি’র বিষয়ে উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। তবে তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ত্রুটি কোথায় হয়েছে, তা অনুসন্ধান করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে কোনো বাংলাদেশি আটক হলে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে তথ্য জানানো প্রত্যাশিত, যাতে বাংলাদেশ কনস্যুলার সহায়তা দিতে পারে।
এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব মো. নজরুল ইসলাম ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়।
ঢাকা এক্সপ্রেস/এসআই