ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমোদন চায় সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৫, ১৯ অক্টোবর ২০২৬

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমোদন চায় সম্পাদক পরিষদ

ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনে সাংবাদিকদের গ্রেপ্তার, তল্লাশি, ডিজিটাল ডিভাইস জব্দ ও নজরদারির আগে আদালতের অনুমোদন বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। রোববার (১৮ অক্টোবর) সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা বিবৃতিতে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়।

সুপারিশে জরুরি ভিত্তিতে কোনো সংবাদ বা ডিজিটাল কনটেন্ট ব্লক করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতের অনুমোদন বা বিচারিক পর্যালোচনা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি সাংবাদিকের তথ্যসূত্রের গোপনীয়তা, জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া অস্পষ্ট সাইবার অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা, সংবাদমাধ্যমের বিরুদ্ধে অযৌক্তিক শাস্তি বন্ধ এবং সাংবাদিকতাসংক্রান্ত বিরোধে প্রেস কাউন্সিলের ভূমিকা জোরদারের সুপারিশ করা হয়েছে।

সম্পাদক পরিষদ বলেছে, সাইবার অপরাধ দমনের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও বৈধ মতপ্রকাশের অধিকার রক্ষা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে প্রস্তাবিত আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সম্পাদক পরিষদ। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন