শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৫, ৬ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সাংবাদিকতায় অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদনকে উৎসাহিত করতে ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও নগদ। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিআরইউর শফিকুল কবীর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও—দুই মাধ্যমে মোট ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। জমা পড়া প্রতিবেদন থেকে ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক সেরা প্রতিবেদন নির্বাচন করবেন।
ডিআরইউ সদস্যদের ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন জমা দেওয়া যাবে। প্রতিবেদন জমার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।
স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, অপরাধ, রাজধানী-প্রশাসন, ক্রীড়া, কৃষি ও পরিবেশ, নারী ও শিশু, মানবাধিকার, নগর, বৈদেশিক সম্পর্ক, সামগ্রিক অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে পুরস্কার দেওয়া হবে।
এর মধ্যে প্রিন্ট ও অনলাইনে ১৫টি এবং টেলিভিশন ও রেডিওতে ১১টি পুরস্কার রয়েছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা প্রতিবেদনগুলোর জন্য সাংবাদিকদের সম্মাননা দেওয়া দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার ইতিবাচক প্রক্রিয়া।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, এবারও আয়োজনের অংশীদার হয়েছে নগদ। প্রতিষ্ঠানটি এ নিয়ে তৃতীয়বারের মতো ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হলো।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, সাংবাদিকদের ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতায় উৎসাহিত করতেই তারা এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন।
নগদ প্রথমবার ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ ও ২০২৬ সালেও প্রতিষ্ঠানটি এ আয়োজনের অংশীদার হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই