শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:১৪, ২৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে এলাকায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠক চলে ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পান পোশাকশিল্পের শ্রমিকেরা।
নতুন মজুরি ঘোষণার মধ্যেই গাজীপুরের গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল আটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শুরু হয় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করেও যানজট তৈরি করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। তারা সমস্যা সমাধান করে মহাসড়কগুলো সচল রাখার চেষ্টা করছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন যুগান্তরকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার এলাকায় ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি কারখানা বন্ধ হয়েছে।
মঙ্গলবারের সভা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এ ২১ হাজার ৫০০, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে। এই তিনটি গ্রেডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪ নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত হয়। ছয় সদস্যের মধ্যে চার ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং ১৮ হাজার টাকার পক্ষে পড়ে দুটি ভোট। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গ্রেড-৪-এ মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।
নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। তবে দ্রুততম সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি।
মালিকপক্ষ বলছে, শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত এসেছে। অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে পোশাকশিল্পকে টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ সিদ্ধান্তের মধ্য দিয়ে পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ কমে আসবে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস