শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় কয়লা আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বন্দর দুটিতে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। এতে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়া বন্দরের কয়েক হাজার শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে।
বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারক সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যের রপ্তানিকারকদের অভ্যন্তরীণ জটিলতা, ঋণপত্র সংক্রান্ত সমস্যা এবং বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও রাস্তাঘাটের বেহাল দশার কারণে গত প্রায় পাঁচ মাস ধরে বন্দর দুটি দিয়ে কয়লা আমদানি পুরোপুরি বন্ধ ছিল। সম্প্রতি উভয় দেশের ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের দফায় দফায় বৈঠকের পর জটিলতা নিরসন হলে মঙ্গলবার থেকে পুনরায় আমদানি শুরু হয়।
প্রথম দিনেই ভারত থেকে বেশ কয়েকটি কয়লাবাহী ট্রাক গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে আমদানির পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, ‘ভারতের রপ্তানিকারকদের কিছু অভ্যন্তরীণ সমস্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ পাঁচ মাস কয়লা আমদানি বন্ধ ছিল। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন, তেমনি বন্দরের হাজার হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছিলেন। উভয় দেশের ব্যবসায়ীদের আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে পুনরায় কয়লা আসা শুরু হয়েছে। আশা করছি, এখন থেকে নিয়মিতভাবে আমদানি কার্যক্রম চলবে।’
স্থলবন্দরের রাজস্ব ও সার্বিক ব্যবস্থাপনা প্রসঙ্গে গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. হামিদুর রহমান বলেন, ‘দীর্ঘ বিরতির পর মঙ্গলবার সকাল থেকে বন্দর দুটি দিয়ে পুনরায় কয়লা আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত পণ্য দ্রুত খালাস এবং সরকারি রাজস্ব আহরণ স্বাভাবিক রাখতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য আমরা সার্বক্ষণিক তদারকি করছি।’
এদিকে, দীর্ঘদিন পর বন্দরে কর্মচঞ্চলতা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় লোড-আনলোড শ্রমিকরা। ব্যবসায়ী শামসুল আলম জানান, বন্দর বন্ধ থাকায় প্রায় পাঁচ হাজার শ্রমিক পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছিলেন। কাজ শুরু হওয়ায় এখন তাদের সংসারে সচ্ছলতা ফিরবে।
উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ইটভাটা এবং বিভিন্ন শিল্পকারখানায় জ্বালানি হিসেবে হালুয়াঘাটের এই দুটি স্থলবন্দর দিয়ে আমদানি করা উন্নতমানের কয়লার ব্যাপক চাহিদা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস