ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

রয়টার্স

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৬, ২৪ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

ছবি: সংগৃহীত

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য শেখ হাসিনার আবেদন করার পর থেকে দেশে সহিংসতা বেড়েছে।

বাতিল হয়ে যাওয়া এসব নথি ফিরে পাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন সরকারের প্রতি তার আহ্বান, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য যেন বিমানের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থি উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের এক মন্ত্রী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান ওই মন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। গত বছরের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন