ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩, ১২ জমাদিউস সানি ১৪৪৮

সহিংসতা বন্ধে আইনি পথে দাবি আদায়ের আহবান জাককানইবি উপাচার্যের

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৩, ২৩ নভেম্বর ২০২৬

সহিংসতা বন্ধে আইনি পথে দাবি আদায়ের আহবান জাককানইবি উপাচার্যের

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশজুড়ে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন সহিংসতা পরিহার করে আইনি প্রক্রিয়ায় দাবি আদায়ের আহ্বান জানিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু দুষ্কৃতকারীর অপকর্মের মাধ্যমে দেশের উন্নয়ন থামানো যাবে না। নিষিদ্ধ ঘোষিত দলের ফ্যাসিস্টরা দেশব্যাপী যে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। তারা যেকোনো দাবি আইনি প্রক্রিয়ায় আদায়ের চেষ্টা করতে পারে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যেতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত হতে চাই না।’ মাতৃভূমিকে এগিয়ে নিতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার সময় ফ্যাসিস্টের দোসর ও নিষিদ্ধ ঘোষিত দলের দুষ্কৃতকারীরা নৈরাজ্য, নাশকতা ও সহিংসতা চালাচ্ছে। তাদের ভাষ্য, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন, হত্যা ও পাতানো নির্বাচনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হয়েছে। বর্তমান সরকার আট মাসে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রেখেছে। এই অগ্রযাত্রা ব্যাহত করতেই দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

এ সময় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ শামসুজ্জামান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম জহিরুল হাছান এবং কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন