শিরোনাম
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৫৫, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩২ শিক্ষার্থী দিনব্যাপী মাশরুম চাষের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে শনিবার (২১ নভেম্বর) সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাস থেকে বাসযোগে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশে রওনা হন তারা। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাশরুম উৎপাদনের জন্য স্পন বা বীজযুক্ত ব্যাগ তৈরির পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। পরে মাশরুমের বীজ স্থাপন, পরিচর্যা ও উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রজাতির মাশরুম প্রদর্শনের পাশাপাশি এর পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয়।
এ সময় ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’-এর পরিচালক ড. মোছা. আক্তার জাহান কাঁকন একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এতে তিনি মাশরুম চাষের পদ্ধতি, এর সম্ভাবনা, উপকারিতা এবং চাষ সম্প্রসারণে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ। তিনি উত্তম কৃষি চর্চা বা গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। পরে প্রধান অতিথি বক্তব্য দেন।
এ ছাড়া প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন। সনদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।
ঢাকা এক্সপ্রেস/এসআই