শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১২:১৭, ১৭ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেছেন, গণহত্যাকারী ও পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তাদের ফাঁকা বুলি। বাস্তবে তা সম্ভব নয়। দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করবেন।
সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধান তার পরিবার-পরিজন নিয়ে আগেই পালিয়ে গেছেন। দলের কোটি কোটি সমর্থককে রেখে গেছেন, যারা এখন মার খাচ্ছেন। এমন কেউ যদি কোনো দল পরিচালনা করেন, তাহলে সেই দল কীভাবে টিকবে?
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সারা দেশে সংঘটিত যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
সমাবেশে অধ্যাপক ড. শামসুল আলম আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, সারা দেশে তেমন কোনো ঘটনা না ঘটলেও গোপালগঞ্জে তারা মিছিল, বিরোধিতা ও অগ্নিসংযোগ করেছে। এর মাধ্যমে ২০১৪ সালের অগ্নিসংযোগের ঘটনায় দলটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাদের সেই পুরোনো প্রশিক্ষণ এখনো রয়ে গেছে এবং তা প্রয়োগ করা হচ্ছে। তিনি আরও বলেন, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না এবং স্বাধীনতার পর থেকেই দেশে সন্ত্রাস সৃষ্টি করে আসছে, যা এখনো চলমান। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়ার সুযোগ নেই। সরকারকে দৃঢ় হতে হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান বলেন, যারা বিদেশ থেকে কারা কী বলছে, তা শুনে মাঠে লাফালাফি করছে, তাদের উদ্দেশে বলতে চাই, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেলে ইতিহাসে তাদের আর ফিরে আসার নজির নেই। রাজনীতিতে ফিরতে হলে অতীতের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে ফিরতে হবে। এ ছাড়া তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই।
সমাবেশে উপস্থিত বক্তারা আরও বলেন, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস