ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৮, ১৭ নভেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু

ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। আজ মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেম, টারবাইন ও জেনারেটরের কার্যক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাই করা হবে। এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সব মিলিয়ে ২৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এ কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

রূপপুরের পরীক্ষামূলক গ্রিড সংযোগের মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন