ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৪, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৫, ১৫ নভেম্বর ২০২৬

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, রংপুরে সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তার কাছে টাকা থাকায় তাকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাকে রক্ষা করতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, পরে চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাকেও ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।

নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন