ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৪, ১৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা করব। আমরা সে পথ ধরে হেঁটে যাচ্ছি।’

দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে, স্বাধীন তদন্ত টিম ও প্রসিকিউশন যেভাবে এগিয়ে যাবেন, সেখানে আমরা হস্তক্ষেপ করি না। তারা যখন প্রয়োজন মনে করবেন, পদক্ষেপ নেবেন।’

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করার ছিল, তা আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটি তাদের বিষয়।’

দেশে ফিরে শেখ হাসিনা আপিলের আইনি সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন। এক্সট্র্যাডিশন চুক্তির আওতায় তাকে যখন প্রত্যর্পণ করা হবে, সেটি একটি আইনি প্রক্রিয়া। আপিল বিভাগ এই ধরনের মামলায় দেরি করানোর কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে তার সুযোগ নেই। তারাই সে আইন করে গেছেন। আমাদের একটি সংবিধান আছে। সেই সংবিধানে ১৯৭৩ সালে তার বাবা যে সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটি তাদের করা আইন।’

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন