শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:২২, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। এ ছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও শরীরচর্চার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি আরও বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে সরকার, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই