শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৩৩, ১৩ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ পবিত্র কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের সময় তিনি কোরআন হাতে শপথ নিতে চান। তবে কোন কোরআনটি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান মিশিগান থেকে নির্বাচিত এই সিনেটর। এ ক্ষেত্রে সম্ভাব্য দুটি কোরআনের কথা উল্লেখ করেন তিনি। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত একটি প্রাচীন কোরআন।
এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন টমাস জেফারসনের কোরআন হাতে নিয়ে শপথের আনুষ্ঠানিক পুনরাভিনয় করেছিলেন। তবে মার্কিন সিনেটে শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই।
এল-সাইয়েদ বলেন, শপথের মূল বিষয় কোনো ধর্মগ্রন্থ নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হন তিনি। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
সিনেটে আনুষ্ঠানিক শপথের সময় কোরআন ব্যবহার করলে এল-সাইয়েদ হবেন এ ধরনের শপথ নেওয়া প্রথম মার্কিন সিনেটর।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই