শিরোনাম
মো. আরাফাত রহমান, ময়মনসিংহ প্রতিনিধি:
প্রকাশ: ২০:০৯, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে সাত দিনের মধ্যে প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারি কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
এ সময় সাত দিনের মধ্যে নায়েব আবুল কালামকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের আটকে রেখে পিটানোর হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁকে দ্রুত প্রত্যাহার করে আইনি ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান চার সাংবাদিক। এ সময় নায়েব আবুল কালাম তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও আটকে রেখে মারধরের হুমকি দেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই