শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৪, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার মাহফিল আয়োজন নিয়ে সমঝোতায় পৌঁছেছে উপজেলা বিএনপি ও জামায়াত। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ওসি জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব বলেন, কোরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করবেন তিনি। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সহযোগিতা করবে।
এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মাদ্রাসাটির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়। আবেদনটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল।
পরে পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বিরূপ মন্তব্য এবং সার্বিক পরিস্থিতির ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠান দুটির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে আয়োজকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করে প্রশাসন।
বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জে আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এরপর সন্ধ্যায় শহরের মুরগীহাট এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতে ইসলামী। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা। এ ছাড়া বক্তব্য দেন সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা বলেন, একটি কুচক্রী মহল মাহফিলটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলে জানতে পেরেছেন তারা। প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না। কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না। এই কর্মসূচি বাস্তবায়ন হবেই।
এদিকে একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় সচেতন কালীগঞ্জবাসী। বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিং করা হয়। শুক্রবার দুপুর ২টায় আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মাদকবিরোধী মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। পরে রাত ৯টায় সচেতন কালীগঞ্জবাসীর ব্যানারে শুক্রবার একই মাঠে মাদকবিরোধী সমাবেশ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সচেতন কালীগঞ্জবাসীর পক্ষে বক্তব্য দেন ইলিয়াস রহমান মিঠু। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ অন্যরা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে একটি সুন্দর সমাধানের লক্ষ্যে আমি বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের আমার কার্যালয়ে ডেকেছিলাম। মাহফিলে বক্তা আমির হামজা কোনো রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য দেবেন না, শুধু কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন—এই শর্তে মাদকবিরোধী সমাবেশ স্থগিত রেখে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন।’
ঢাকা এক্সপ্রেস/এসএস