ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

জমি নিয়ে বিরোধে অ্যাসিড হামলার হুমকির অভিযোগ নারীর

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৭:০০, ১২ নভেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধে অ্যাসিড হামলার হুমকির অভিযোগ নারীর

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আফরোজা খানম পারুল নামে এক নারী। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। পারুল আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পারুল বলেন, মামলা তুলে না নিলে তাকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ঘর থেকে বের হলেই হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২ একর ৪৮ শতাংশ জমি নিয়ে ২০১৬ সাল থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছে। জমিটি তার শ্বশুর সামসুল হক খলিফার বলে দাবি করেন তিনি। এ নিয়ে ফুফু শাশুড়ি জয়নব বিবির পরিবারের সঙ্গে আদালতে মামলা চলমান।

পারুলের ভাষ্য, গত ৫ অক্টোবর মামলার রায় হয়। ওই রায়ের বিরুদ্ধে ১ নভেম্বর সাইফুল খলিফা আপিল করেন। আদালত আপিল আমলে নিয়ে আগামী ১০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।

তিনি অভিযোগ করেন, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গত ৪ নভেম্বর বিরোধপূর্ণ জমিতে জোর করে ঘর নির্মাণ করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরটি সরিয়ে দেয় এবং পুনরায় নির্মাণ না করার নির্দেশ দেয়। তবে গত শুক্রবার জুমার নামাজের সময় আবারও সেখানে ঘর নির্মাণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় গত ৮ নভেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি প্রতিরোধ আইনে মামলা করেন পারুল। মামলায় জসিম হাওলাদারসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেন।

পারুলের দাবি, মামলা করার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। এরই মধ্যে গত ৯ নভেম্বর লতিফ মোল্লা বাদী হয়ে তারসহ আটজনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। ওই মামলাকে মিথ্যা বলে দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে জসিম হাওলাদার বলেন, ৫ অক্টোবর আদালতের রায়ের পর তিনি ঘর নির্মাণ করেছেন। তবে কাউকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেননি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। অ্যাসিডের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন