ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

হাসিবের ওপর চাপাতি হামলাকারীর পরিচয় শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৪, ১১ নভেম্বর ২০২৬

হাসিবের ওপর চাপাতি হামলাকারীর পরিচয় শনাক্ত

ছবি: ঢাকা এক্সপ্রেস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এদিকে, হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। অভিযুক্ত হাবিবুরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশকে আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় আধা ঘণ্টার এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধারা অংশ নেন। এ সময় হামলায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এর আগে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হামলার ঘটনা ঘটে। এতে হাসিবের হাতে আঘাত লাগে বলে জানা গেছে।

এদিকে, হামলার ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং তাকে নিয়ে আবারও আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে কোপ দেন। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালান হাসিব।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ। তিনি বলেন, হাসিব তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। হামলার ঘটনাটি ভিডিও ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে।

প্রীতম দাশ আরও বলেন, পর্যটননগরী শ্রীমঙ্গলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিতে তারা শ্রীমঙ্গল থানায় এসেছেন। হাসিব আল ইসলাম কুমিল্লা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন