ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

কাজিপুরে ইজিবাইক চালক আটকের প্রতিবাদে মানববন্ধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৭, ১০ নভেম্বর ২০২৬

কাজিপুরে ইজিবাইক চালক আটকের প্রতিবাদে মানববন্ধন

ছবি: ঢাকা এক্সপ্রেস

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় পুলিশের হয়রানি ও এক ইজিবাইক চালককে আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ইজিবাইক চালক ও মালিকেরা।

৯ নভেম্বর উপজেলার নাটুয়ারপাড়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে চরগিরিশ, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া ও তেকানী—এই চার ইউনিয়নের প্রায় তিন শতাধিক ইজিবাইক চালক ও মালিক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ইজিবাইক মালিক সমিতির চরগিরিশ ইউনিয়ন শাখার সভাপতি তোজাম মন্ডল, নিশ্চিন্তপুর শাখার সভাপতি শাহিন মিয়া, নাটুয়ারপাড়া শাখার সম্পাদক সুমন মিয়া এবং তেকানী ইউনিয়ন শাখার সম্পাদক রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, চরাঞ্চলের দরিদ্র ইজিবাইক চালকেরা স্থানীয় ব্যবসায়ীদের মালামাল পরিবহন করে সামান্য ভাড়ার বিনিময়ে জীবিকা নির্বাহ করেন। অথচ মাঝেমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন তাঁদের বিনা কারণে আটক করে নানাভাবে হয়রানি করে আসছে।

ঘটনার বিবরণ দিয়ে নেতৃবৃন্দ জানান, গত ৮ নভেম্বর নিশ্চিন্তপুর নৌকাঘাটে স্থানীয় ব্যবসায়ী কবিরের ইউরিয়া সারের বস্তা আটক করে পুলিশ। এ সময় ইজিবাইক চালক সুমন মিয়া পুলিশকে স্পষ্টভাবে জানান, সারের বস্তাগুলো ব্যবসায়ী কবিরের। কিন্তু পুলিশ প্রকৃত মালিক ব্যবসায়ীকে আটক না করে উল্টো ইজিবাইক চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

এ ধরনের অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চালকেরা অবিলম্বে তাঁদের সহকর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন