ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ঝিনাইদহে ইবির বাসে পেট্রোল বোমা, রক্ষা পেলেন শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:২৮, ১০ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে ইবির বাসে পেট্রোল বোমা, রক্ষা পেলেন শিক্ষার্থীরা

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝিনাইদহের শৈলকুপায়  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর এলাকার চাঁদপুর অংশে এ ঘটনা ঘটে।  তবে চলন্ত বাসটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বোমাটি সড়কে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বাসে থাকা শিক্ষার্থীরা জানান,  ঝিনাইদহের আরাপপুর থেকে ৩০-৩৫ জন শিক্ষার্থী নিয়ে ইবির উদ্দেশ্যে ছেড়ে আসা ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগান পাড় হলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বাসটি চলন্ত থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সড়কে পড়ে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাস চালক বোরহান উদ্দিন বলেন, ঝিনাইদহ থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। শৈলকুপার ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজ চলায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দীর্ঘ সময় যানজটে আটকে ছিল। যানজট ছেড়ে যাওয়ার পর আমার বাসটি পেছনে পড়ে যায়। কিছুক্ষণ পর চাঁদপুর নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুইজন আমার বাসটি লক্ষ্য করে আগুন জাতীয় কিছু ছুঁড়ে দেয়। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে আমি বাসটি নিয়ে দ্রুত বের হয়ে চলে আসি।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, আমরা দীর্ঘ সময় যানজটে আটকে ছিলাম। বাস চলতে শুরু করার কিছুক্ষণ পরই বাস লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। বোমাটি আর এক-দুই ইঞ্চি এদিক-ওদিক হলে আজ হয়তো আমি বেঁচে থাকতাম না। আমাদের জীবনের নিরাপত্তা কে দেবে।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান বলেন, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তাদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিষিদ্ধ ছাত্রসংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবিসহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ইবির গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় রেজিস্ট্রারকে শৈলকুপা থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে ঝিনাইদহ ও কুষ্টিয়ার জেলার দুই পুলিশ সুপারকে জানানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন