ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ২ ছাত্রলীগ নেতা আটক

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৬, ১০ নভেম্বর ২০২৬

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ২ ছাত্রলীগ নেতা আটক

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর চেষ্টা করেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্য নেতারা।

ছাত্রদল নেতারা বলেন, স্বৈরাচারের দোসররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাশত করবে না। বাকৃবিতে যারা আগুন দেওয়ার চেষ্টা করেছেন, তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।

ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছেন। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন