শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫২, ১০ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে মো. সিফাত হোসেন (২৬) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই জুলাই আন্দোলন চলাকালে মিরপুর-১০-এর সেনপাড়া এলাকায় এমএস পাওয়ারের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন হাজারো ছাত্র-জনতা। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়। একপর্যায়ে রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সিফাত হোসেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাহউদ্দিন মাহমুদ (এসএম) জাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ অন্যরা।
গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান। তবে অভিযোগপত্রে জিয়াউল হক জিয়া ও মেহেদী হাসানকে অব্যাহতি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন সিফাতের বাবা কামাল হাওলাদার।
এরপর গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই