শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৩৬, ১০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে ঝটিকা অবরোধ ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৬ থেকে ৭ জনের একটি দল বৈলর মোড় এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা সড়কে শুকনো কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে এবং বিভিন্ন স্লোগান দেয়। আগুন জ্বালানোর খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস ও ট্রাক থেমে যায়।
খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ ও ত্রিশাল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, বৈলর মোড় এলাকায় কয়েক মিনিটের জন্য সড়কে আগুন জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা পালিয়ে যায়। ঘটনার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে তাদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো. কামরুল হাসান বলেন, মহাসড়কসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ত্রিশালের ঘটনার পর মহাসড়ক নিরাপদ করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জামান খান জানান, মহাসড়কে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে। বর্তমানে ত্রিশালের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই