শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২:২৬, ৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
একাত্তরের রাজাকার জামায়াত ও চব্বিশের রাজাকার আওয়ামী লীগ এক হয়ে দেশের সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
তিনি বলেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন। জামায়াত ও আওয়ামী লীগকে রুখতে হলে আগামী তিন মাস জাতীয়তাবাদী শক্তি ও বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি, এই তিন মাস বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করেছিল, একইভাবে তারা আবারও চক্রান্ত শুরু করেছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভারতের ইন্ধনে অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হয়েছিল। বাংলাদেশকে ভারতের করদরাজ্য করার সেই নীলনকশা বীর সিপাহি-জনতা রুখে দিয়েছিল। দেশে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী গণঅভ্যুত্থান হয়েছে, ২০২৪ সালেও গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষায় একবারই বিপ্লব হয়েছে। সেই বিপ্লব ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব।
এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন রাশেদ খাঁন। পরে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সহসভাপতি তবিবুর রহমান মিন্নিসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস