শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১:৪১, ৮ নভেম্বর ২০২৬
মনসুর আলী। ছবি: ঢাকা এক্সপ্রেস
কুড়িগ্রাম পৌরসভার টাউন হল চত্বরে কাঁচির আঘাতে মনসুর আলী (৬০) নামে এক পৌর কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মল্লিকা বেগম (৫৫) গুরুতর আহত হয়েছেন। মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাওনেওয়াজ সানি (৩২) নামে এক যুবক তাদের ওপর হামলা চালান বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সময় অভিযুক্ত যুবক মাদক সেবন করতে গেলে মনসুর আলী তাকে বাধা দেন। পরে অনুষ্ঠান শেষে সবাই চলে গেলে দুপুরে মনসুর আলীর ওপর হামলা চালান সানি। এ সময় তার হাতে থাকা কাঁচি দিয়ে মনসুর আলীর বুকে আঘাত করেন। স্বামীর ওপর হামলা দেখে মল্লিকা বেগম এগিয়ে এলে তাকেও কাঁচি দিয়ে আঘাত করেন ওই যুবক।
পরে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে আহত মনসুর আলী ও তার স্ত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকা বেগমের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে এক পৌর কর্মকর্তা বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় শাওনেওয়াজ সানি কাঁচি দিয়ে পৌর কর্মকর্তা মনসুর আলী ও তার স্ত্রীকে আঘাত করেন। এতে মনসুর আলী মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানি নামে একজনকে আটক করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস